প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহারে এনসিপির আপত্তি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৫ ০৪:৩৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৫ ০৮:০৪:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীরা প্রচারণায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করছেন—এ অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহারে তাদের কোনো আপত্তি নেই। তবে প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করায় তারা উদ্বিগ্ন। তিনি দাবি করেন, বিধিমালা অনুযায়ী প্রার্থী শুধু নিজের ছবি, দলীয় প্রতীক ও দলীয় প্রধানের ছবিই ব্যবহার করতে পারেন। তা সত্ত্বেও বিএনপি প্রার্থীরা পোস্টার, বিলবোর্ড, প্রচারপত্রসহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের ছবি ব্যবহার করছেন।
তারেক রহমান বা জিয়ার ছবি ব্যবহার করলে ইসির ব্যবস্থা নেওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এ নিয়ম বিএনপির ক্ষেত্রে কতটা কঠোরভাবে প্রয়োগ করতে পারে, সেটাই নির্বাচন কমিশনের সক্ষমতার পরীক্ষা হবে।
এ সময় তিনি আরও বলেন, যাদের বয়স ভোটের আগে ১৮ বছর পূর্ণ হবে, তাদের সবাইকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তরুণ ও জেনজি ভোটারদের নিবন্ধন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
জহিরুল ইসলাম মুসা বলেন, বিলবোর্ড ও প্রচারের খরচ অত্যধিক এবং আইনের ভেতরে কিছু অস্পষ্টতা রয়েছে, যা বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই বিষয়ে ইসির প্রস্তুতি এখনো চোখে পড়ছে না। তিনি দ্রুত গণভোটের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জোটে থাকলেও প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকেই ভোট করতে হবে। অন্য দলের প্রতীক ধার করে ব্যবহার করা যাবে না।
দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে মেটা ও টিকটকের সঙ্গে সমন্বয় করার কথা বলেন।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স