ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দেশে জামায়াতের ভোট মাত্র ৫-৬ শতাংশ: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৭:২১:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৭:২১:৫২ অপরাহ্ন
​দেশে জামায়াতের ভোট মাত্র ৫-৬ শতাংশ: মির্জা ফখরুল ​ছবি: সংগৃহীত
দেশে জামায়াতে ইসলামীর ভোট মাত্র ৫-৬ শতাংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ষড়যন্ত্রের পথ পরিহার করে দলটিকে ‘ভালো হওয়ার’ আহ্বান জানান তিনি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশের পানির ন্যায্যতার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্মকে ভালোবাসে। আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। গত নির্বাচনের হিসাব করে দেখেন। কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। পাঁচ-ছয় পার্সেন্ট। রাতারাতি লাফ দিয়ে ৫১ পার্সেন্ট হয়ে যাবেন- এটা মনে কইরেন না। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না। কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, পাকিস্তান আন্দোলন করেছিলেন মুসলমানরা। পাকিস্তান আন্দোলন ছিল মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, অধিকাংশ মানুষ মুসলিম। আপনাদের নেতা মওদুদী এটার বিরোধিতা করেছিল। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম, আপনারা শুধু এটার বিরোধিতাই করেন নাই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এ কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টা-পাল্টা, আবোল-তাবোল, সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদের মাথা নামাতে পারবেন না।

মওলানা ভাসানীর পর খালেদা জিয়া ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা দাবি করেছিলেন উল্লেখ করে ফখরুল বলেন, পানির হিস্যার আন্দোলন আরও জোরদার রাখতে হবে। আন্তর্জাতিক মহলকে বুঝাতে হবে, পানির হিস্যা আমাদের ন্যায্য অধিকার, কারও দয়া নয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আর বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে।

তিনি বলেন, চুপি চুপি ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে ভারত। এতে আমাদের দেশের পদ্মাপাড়ের হাজারো মানুষ কর্মহীন হয়েছে। তাই আমাদের পদ্মাসহ নদীগুলো বাঁচানো প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ