জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৫ ০৬:৩০:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৫ ০৬:৩০:৩১ অপরাহ্ন
ফাইল ছবি
ঝিনাইদহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মাহবুল হোসেন (৪০) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুল হোসেন কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে ও কম্বোডিয়া প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, স্থানীয় মাতব্বর হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা তার জমি ফেরত নিতে বাটুল বিশ্বাসকে লিজের টাকা ফেরত দেয়। কিন্তু ওই জমিতে ফসল থাকায় ফসল না তোলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করেন বাটুল বিশ্বাস।
এ নিয়ে সিরাজ মোল্লার লোকজন জমির দখল নিতে শনিবার সকালে জড়ো হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাটুল বিশ্বাসের সমর্থক কম্বোডিয়া প্রবাসী মাহবুল হোসেনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়নের সমর্থকরা। স্থানীয়রা মাহবুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে স্থানীয় মাতব্বরসহ আমরা উভয়পক্ষকে নিয়ে বসেছিলাম। শনিবার এ বিষয়ে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে জখম অবস্থায় মাহবুল হোসেন হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লিজ দেওয়া জমি ফেরত নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স