স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৫ ০৪:৪৯:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৫ ০৭:২২:৩৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের একদিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখন মাঠে আছেন সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন। বিজিবির সদস্য থাকবেন প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র্যাব প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবেন সাড়ে পাঁচ লাখের মতো। নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।
নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে সন্দেহের কিছু নেই।
সরকার পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে যে সরকার পতন হয়েছে তা কোনো তিনজনের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পতন ঘটেছে। আপনারা দেখেছেন, কীভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনরা পালিয়েছে। এটি একজন বা দুজনের কারণে হয়নি, হয়েছে জনগণের ইচ্ছার কারণে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম। এ জন্য আইনশৃঙ্খলাবাহিনী যা যা প্রস্তুতি নেওয়ার তা নিয়েছে। এটার জন্য কোনো শঙ্কা নেই, কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই, কোনো চ্যালেঞ্জিং নেই। আমরা যার যার দায়িত্ব ভালোভাবে করতে পারবো।
তিনি বলেন, পটুয়াখালীতে ৭ বা ৮ বছর আগে একবার এসেছিলাম। আজ থেকে ৬০ বা ৬৫ বছর আগে। সেই সময়ের কোনোকিছু আজ মনে নেই। আজকের পটুয়াখালী শহরটি দেখতে অনেক সুন্দর, এবং নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে শহরটি ভালো লেগেছে।
তিনি বলেন, পটুয়াখালী–কুয়াকাটা অঞ্চল দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য। ফলে নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, নৌ-অপারেশন, সিসিটিভি নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পদক্ষেপ নেয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস ও কোস্টগার্ড বেজ পরিদর্শন করেন।
মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। পরে কুয়াকাটার উদ্দেশে যাত্রা করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স