সারা দেশের মতো রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও ধীরে ধীরে শীতের হালকা আমেজ অনুভূত হতে শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তাপমাত্রা আরও কিছুটা কমেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এর আগের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে আরও কম। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসময় উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি।অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উল্লেখ্য, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন