শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে বড়শিতে ধরা ১০ কেজি ওজনের একটি চিতল মাছ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলার কীর্তিনাশা নদীতে স্থানীয় জেলে বেলাল হোসেন মাছ ধরার সময় এ বিশাল মাছটি ওঠে তার বড়শিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসিন্দা বেলাল হোসেন প্রায়ই বড়শি দিয়ে মাছ ধরেন। সকালে বড়শি ফেলার কিছুক্ষণ পরই বড় ধরনের একটি টান অনুভব করেন তিনি। এরপর প্রায় ১৫–২০ মিনিটের চেষ্টায় মাছটি ওঠাতে সক্ষম হন। এত বড় সাইজের চিতল মাছ দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে স্থানীয় পালং মাছ বাজারে ১৪০০ টাকা প্রতি কেজি দরে ১৪০০০ হাজার টাকায় কয়েকজন ক্রেতা ক্রয় করে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
স্থানীয় বাসিন্দা জাফর কাজী বলেন, কীর্তিনাশা নদীতে এভাবে বড় দেশি মাছ খুব একটা ধরা পড়ে না। তাছাড়া এত বড় চিতল মাছ এর আগে কখনও দেখিনি। বেলাল হোসেন বলেন, এত বড় চিতল বড়শিতে ওঠানো সত্যিই কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তুলতে পেরে আমি খুব খুশি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন