ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৪:২৭:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৩০:৪৭ অপরাহ্ন
​প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন ​ফাইল ছবি
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন, সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা, ঐকমত্য কমিশনে এ নিয়ে আলোচনা হয়নি।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে।

একই সঙ্গে তিনি একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথাও জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে।’

অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেন, ‘সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।’

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘নোট অব ডিসেন্টের’ মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। এছাড়া, ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে যে বডি, সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না। এটা সম্পূর্ণ নতুন ধারণা।

সালাহউদ্দিন আহমদ জানান, প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ