ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাতে টিএসসিতে হাতবোমা বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১২:৩৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১২:৩৬:৩৬ পূর্বাহ্ন
​রাতে টিএসসিতে হাতবোমা বিস্ফোরণ ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে দুটি হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। আমাদের প্রক্টরিয়াল টিম ও পুলিশের যৌথ অভিযান চলমান আছে।

যেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। বিস্ফোরণের পর সেই অনুষ্ঠান বন্ধ রাখা হয়।

হাতবোমা বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। স্যার এ এফ রহমান হল থেকে তারা মিছিল বের করেন।

এদিকে, রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তিনরাস্তা, রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। সে উদ্দেশ্যে বিস্ফোরকগুলো মজুদ করা হয়।

উদ্ধার করা পেট্রোল বোমা ও ককটেল র‌্যাব হেডকোয়ার্টারের বোম্ব ডিসপোজাল ইউনিট নিস্ক্রিয় করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দিনটিকে ঘিরে রাজধানীতে ইতোমধ্যে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নাশকতাকারীদের বিষয়ে নাগরিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ।

নাশকতা প্রতিরোধে বুধবার দিনভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবির চেকপোস্টে তল্লাশি জোরদার দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও শক্তিশালী করা হবে। মোটরসাইকেল চলাচলেও থাকবে বাড়তি নজরদারি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ