পদ্মার এক কাতল ৫৩ হাজারে বিক্রি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১১-২০২৫ ০৬:৩৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১১-২০২৫ ০৬:৩৯:৪২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ জেলের জালে ধরা পড়েছে। পরে মাছটি উন্মুক্ত নিলামে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।
বুধবার (১২ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার চর মজলিসপুর এলাকায় পদ্মা নদীতে জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের নিয়ে বুধবার ভোর রাতে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকায় চর মজলিসপুরে জাল ফেললে ১৯ কেজি ওজনের বড় একটি কাতল মাছ আটকা পড়ে। পরে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য চকু মোল্লার আড়তে তুললে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়ে হলেও কিনে রেখেছি। এখন মাছটি কেজি প্রতি সামান্য লাভ হলে বিক্রি করে দেব। বড় মাছগুলোর ক্রেতা কারা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ এত দাম দিয়ে বড় মাছগুলো প্রবাসী ক্রেতারা তাদের পরিবারের জন্য কিনে থাকেন। এছাড়া ঢাকার বড় শিল্পপতি, ব্যবসায়ী কিংবা হাইপ্রোফাইল লোকজন মাছগুলো সরাসরি আমাদের কাছ থেকে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের থেকে কিনে নেয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুব উল হক বলেন, পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স