ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু আ. লীগ কেন, যে কেউ করতে পারে: আমীর খসরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৫:৫৭:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:২৬:৫৭ অপরাহ্ন
​সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু আ. লীগ কেন, যে কেউ করতে পারে: আমীর খসরু ​ছবি: সংগৃহীত

কদিন ধরে বিভিন্ন স্থানে বাসে আগুন ও বোমা ফাটানোর ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ মনে করেন, এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ কেন, ‘যে কেউ করতে পারে’।

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে এরকম অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনায় বিভিন্ন স্থান থেকে দলটির কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে পর সাংবাদিকদের সামনে আসেন আমীর খসরু।

তার কাছে বৈঠকের আলোচনার বিষয়বস্তু, জাতীয় নির্বাচন, বিএনপির প্রার্থী তালিকা, আওয়ামী লীগের বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকে বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন, সে বিষয়ে জানতে চেয়েছেন।

সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই; সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, দেশে কারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে।

আমীর খসরু আরও বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই।

ইউরোপীয় ইউনিয়নের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন নিয়ে তাদের কোনো উৎকণ্ঠা নেই। ইইউ বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং এই নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে।

এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যাতে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির ১৪ জনের মধ্যে প্রথম পর্যায়ে মহাসচিবসহ ১০ জনের নাম রয়েছে।

তবে তালিকাটি ঘোষণার পর বিভিন্ন আসনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা বিক্ষোভ ও সহিংসতা দেখিয়েছেন। পরে একটি আসনে মনোনয়ন স্থগিত করেছে বিএনপি।

আমীর খসরু বলেন, বাংলাদেশে একটা নির্বাচনি হাওয়া বইছে এবং জনগণ নির্বাচনের পক্ষে এখন কাজ করছে, প্রতিটি এলাকায় নির্বাচনি একটা হওয়া বয়ে যাচ্ছে। শুধু বিএনপি নয়, প্রায় প্রত্যেকটি দলই তো নির্বাচনের জন্য কাজ করছে।

তিনি বলেন, ২৩৬টা আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার পরে আমি বলব এটি অনেকটা গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে। আমি মনে করি, সব অংশ থেকে যেসব রিপোর্ট এসেছে তারাও বলেছে যে মনোনয়নগুলো ভালো হয়েছে বিএনপির।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ