ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​​ওভাল অফিসে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১২:৫৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১২:৫৪:১৭ অপরাহ্ন
​​ওভাল অফিসে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার ছবি ভাইরাল ​ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের ঘুমিয়ে পড়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র দাবি করেছেন, প্রেসিডেন্ট ঘুমাননি।

চলতি সপ্তাহে ওভাল অফিসে ওজন কমানোর জনপ্রিয় ওষুধের দাম কমানোর এক ঘোষণায় অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানের একপর্যায়ে তাঁর চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখে মনে হতে পারে তিনি ঘুমিয়ে পড়েছেন।

ছবিগুলো ভাইরাল হওয়ার পর ট্রাম্পের সমালোচকরা তার কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে বলেন, “প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন।”

রজার্স আরও জানান, ট্রাম্প দুটি ওষুধের দাম কমিয়েছেন যা ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ও অন্যান্য সমস্যায় ভোগা মার্কিন নাগরিকদের সহায়তা করবে। এর ফলে ভোক্তাদের কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং অসংখ্য মার্কিনের জীবন রক্ষা পাবে। তবে কিছু সংবাদমাধ্যম এ তথ্য প্রচার না করে ভুল ধারণা ছড়াচ্ছে।

ট্রাম্প নিয়মিত জনসমক্ষে উপস্থিত থাকেন এবং দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তাঁর সহকারী ও মন্ত্রিসভার সদস্যরা তাঁর উদ্যমের প্রশংসা করেন এবং জানান, ট্রাম্প সবসময় ফোনকল ও বার্তার মাধ্যমে দলের সঙ্গে যোগাযোগ রাখেন।

অনুষ্ঠানের আগের দিন তিনি মায়ামিতে এক ঘণ্টার বেশি সময় অর্থনীতি নিয়ে ভাষণ দিয়েছেন। এছাড়া গত মাসে এশিয়ার তিন দেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন।

৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার অংশ হিসেবে এমআরআই করিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, চিকিৎসকেরা তাঁর পায়ের ফোলা পরীক্ষা করে শিরাজনিত একটি শারীরিক সমস্যা শনাক্ত করেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ