সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছিল ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শিক্ষকরা। বিকালে সেই কর্মসূচি পালন করতে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন তাঁরা।
পরে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সরেজমিনে দেখা যায়, সাউন্ড-গ্রেনেড নিক্ষেপের পর শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন। সাউন্ড গ্রেনেডের নিক্ষেপের ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
শিক্ষকদের দাবিগুলো হলো
দশম গ্রেড প্রদান: সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি দশম গ্রেডে বেতন-ভাতা প্রদান।
উচ্চতর গ্রেড সমস্যার সমাধান: ১০ বছর ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত জটিলতা ও সমস্যার স্থায়ী সমাধান।
শতভাগ পদোন্নতি: সহকারী শিক্ষকদের জন্য শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০তম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। তবে এই পদক্ষেপে সহকারী শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে, প্রাথমিকের সহকারী শিক্ষকদের আরেক অংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতির দাবিতে ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে সময়সীমা দিয়েছে।
তাদের তিন দাবি মানা না হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এছাড়া ১১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
শাহবাগে শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচির ডাক