এবারের নির্বাচনে নারীরা পাল্টে দিতে পারে ভোটের সমীকরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১১-২০২৫ ১১:৪৮:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৫ ১১:৪৮:০৮ পূর্বাহ্ন
ফাইল ছবি
এবারের নির্বাচনে নারী ভোটারদের কারণে পাল্টে যেতে পারে ভোটের হিসাবনিকাশ। দল বা প্রতীক নয়, নারীরা বেঁছে নিতে চান যোগ্য প্রার্থীকে। নারীদের ভাষ্য, সবক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, নিরাপত্তা ও অধিকার যারা সুনিশ্চিত করতে পারবেন, তাদেরকেই এগিয়ে রাখবেন।
স্বাধীনতার সুতিকাগার হিসেবে পরিচিত মেহেরপুর। ছোট্ট এই জনপদেই এখন বইছে ভোটের হাওয়া। এবারের নির্বাচনে এখানকার নারী ভোটাররাই হতে পারেন তুরুপের তাস। আড্ডারত তেমনই কিছু নারী শিক্ষার্থীর দেখা মিলল জেলার সরকারি কলেজ চত্বরে। প্রথম ভোট নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তাদের চাওয়া একটি বৈষম্যহীন বাংলাদেশ, নিরাপত্তা, কর্মসংস্থান ও সমঅধিকারের নিশ্চয়তা।
এক নারী শিক্ষার্ধী বলেন, আমরা যদি কোনো ভুল প্রার্থীকে নির্বাচিত করি, তাহলে আমাদের জন্যই বেশি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে।
অন্য এক শিক্ষার্থী বলেন, কোন প্রার্থী আমাদের জন্য ভালো, এগুলো বিবেচনা করেই আমরা ভোটকেন্দ্রে যাব।
ভোট দেয়ার পরে প্রার্থীর আর কোনো খোঁজ থাকে না মন্তব্য করে আরও একজন বলেন, উল্টো আমরাই তাদের কাছে যাই কোনো প্রয়োজনের ক্ষেত্রে, কিন্তু প্রয়োজন তো দূরে থাক, তারা আমাদের দেখেনই না।
মাদকের থাবা ও অনলাইন জুয়া নিরসনেও যেসব প্রার্থী কাজ করবেন তাদেরকেই এগিয়ে রাখছেন ভোটাররা। কয়েকজন নারী জানান, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সামাজিক কাঠামো, প্রশাসনিক কাঠামো বুঝবে এ রকম প্রার্থী চাচ্ছি।
বিশ্লেষকরা বলছেন, প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখবেন নারী ভোটাররা। পাল্টে দিতে পারেন ভোটের চালচিত্র।
মেহেরপুর সরকারি কলেজর প্রভাষক নাহিদ আন্দালিব বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও নারী ভোটাররা তাদের নিজস্ব একটা চিন্তাধারা প্রয়োগ করবে। তারা কারও কথায় এবার প্রার্থী নির্বাচন করবে, এমনটি মনে হয় না।
মেহেরপুর সরকারি গাংনী ডিগ্রি কলেজের সাবেক এক সহযোগী অধ্যাপক বলেন, নারীদেরকে মূল্যায়ন করতেই হবে। আমাদের দেশে নারীর সংখ্যা একেবারে কম না এবং তারা দিনে দিনে অনেক সচেতন হয়ে গেছে। গ্রাম পর্যায়ে হোক আর শহর পর্যায়ে হোক—তারা কিন্তু ভোটের বড় একটা অংশ।
মেহেরপুরের দুটি আসনে মোট ভোটার ৫ লাখ ৮০ হাজার ৫৪১জন। এর মধ্যে মধ্যে নারী আছেন ২ লাখ ৯১ হাজার ৭৪৯।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স