‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১১-২০২৫ ০৪:৩৯:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১১-২০২৫ ০৯:০৭:১৮ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
দীর্ঘ আলোচনা ও জটিল সমঝোতার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা শাপলা কলি নেব। এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে, শাপলা নিয়ে কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাইলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব? আমরা কি ইলেকশন ফেজে (পর্যায়ে) ঢুকব না? তো সে জন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করেই এই ডিসিশনটা (সিদ্ধান্ত) নিচ্ছি।
শাপলা কলি প্রতীক নিয়েও দেশজুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দেশবাসীর কাছে আমরা শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে শাপলা কলি হয়েছে। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তারা একধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও শাপলা যুক্ত করেছে।
নাসীরুদ্দীন বলেন, ‘আমরা জনগণের স্বার্থে আপস করেছি। এখন আমাদের প্রতীক শাপলা কলি। আগামী নির্বাচনে ধানের শীষ আর শাপলা কলির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।’
বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট বা সমন্বয়ের বিষয়ে প্রশ্ন করলে এনসিপির এই নেতা বলেন, ‘তারা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা একদলের কাছে সংসদ ছেড়ে দিতে রাজি নই। আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াতের পাশাপাশি শাপলা কলিও মাঠে থাকবে।’
এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠকে নির্বাচনি প্রতীক, প্রচারণা নির্দেশিকা এবং প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকায় প্রথমবারের মতো ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হয়, যা এনসিপির জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদিত প্রতীক হিসেবে নিশ্চিত করা হলো।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স