ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্র চলছে, দ্রুত তারিখ ঘোষণা করুন: দুলু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৮:২১:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৮:২১:২৮ অপরাহ্ন
ষড়যন্ত্র চলছে, দ্রুত তারিখ ঘোষণা করুন: দুলু ​ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার একডালায় তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজন এক সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘ ২৪ বছর আপনাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেননি। মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। দিনের ভোট আগের দিন রাতে হয়ে গেছে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। সামনে ফেব্রুয়ারির নির্বাচনকে পেছানোর জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এ নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবেন।

বিএনপির নেতা দুলু বলেন, শুধু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে না, আমাকে নিয়েও নানা ষড়যন্ত্র চলছে। আমাদের নিজেদের মধ্যের বিরোধ হলে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। আমাদের বিরোধ মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হন। 

দুলু আরও বলেন, ফ্যাসিবাদ দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। মিথ্যা মামলা খেয়েছি, তবুও নাটোরের জনগণকে ছেড়ে পালিয়ে যাইনি। মৃত্যুর আগ পর্যন্ত নাটোরের মানুষের সাথে থাকবো। আপনাদের জন্য আমি দুলু, আপনাদের উন্নয়নে আমি কাজ করে যাব।

তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্যে দেন-  নাটোর জেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, বিএনপির নেতা আবুল ব্যাপারী, দুলুর বড় মেয়ে ব্যারিস্টার তাসনুবা তাবাচ্ছুম রাত্রী ও ছোট মেয়ে সোভা জেরিন রোদেলাসহ নেতৃবৃন্দ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ