ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিগ্রস্ত : আজহারী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০২:২৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৫:২৭:২৩ অপরাহ্ন
​যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিগ্রস্ত : আজহারী সংবাদচিত্র: সংগৃহীত
বাংলাদেশে যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‘মিনার’ কর্তৃক আয়োজিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, আমাদের দেশে যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিগ্রস্ত। তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে রয়েছে। আমাদের নেতাদের আমানতদারিতা খুবই কম।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে একটা চমৎকার সময় এসেছে। আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। আগামী ৫৪ বছর পরও এমন সুযোগ আমরা পাব না। এজন্য আমাদের উচিত রাসুল (সা.) এর জীবনী থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে, নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হবে। যেমন- রাসুল (সা.) ধীরে ধীরে তা তৈরি করে নিয়েছিলেন।

সিরাত মাহফিলে এই স্কলার রাসূল (সা.) নেতৃত্বের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১২টি গুণ বর্ণনা করেন। সেগুলো হলো– আল্লাহভীতি-তাকওয়া, ন্যায়পরায়ণতা, দূরদৃষ্টি, সহনশীলতা, পরামর্শ গ্রহণের মনোভাব, দয়া-মানবিকতা, সাহস-দৃঢ়তা, সহযোগিতার চেতনা, বিনয়, যোগাযোগ দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও আত্মত্যাগ। 

চবি শাখা ছাত্রশিবিরের দাওয়া সংগঠন ‘মিনার’ কর্তৃক এই সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আরবী বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি এবং শিক্ষকরাও এতে বক্তব্য দেন।

সিরাত পাঠ প্রতিযোগতায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ল্যাপটপ, ২য় পুরস্কার দেওয়া হয় ট্যাব এবং ৩য় পুরস্কার দেওয়া হয় স্মার্টফোন। এছাড়া, ৪র্থ থেকে ২০তম স্থান অধিকারীদের সম্মানজনক অর্থ এবং ২১ থেকে ১০০তম পর্যন্ত স্থান অর্জনকারীদের ইসলামী বই দেওয়া হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ