ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:৫৮:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:৫৮:৩৭ অপরাহ্ন
​জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম ​ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রোডম্যাপ প্রণয়ন ও বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চাই, তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৫টায় রংপুর পর্যটন মোটেলে রংপুর বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে। পতিত স্বৈরাচার শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। নানামুখী সংকটের জন্য আমাদের জাতীয় ঐক্য অপরিহার্য। আমাদের দলগুলোর মধ্যে যে সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে এক জায়গায় থাকতে হবে। কেউ যদি মনে করে এককভাবে সব নেতৃত্ব দেবে, সরকার গঠন করে ফেলবে, এটি আসলে সম্ভব হবে না। দেশে সবগুলো পক্ষের মধ্যে ন্যূনতম ঐক্য না থাকলে এককভাবে সরকার গঠন ও সংসদ টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। জনগণের ন্যূনতম আকাঙ্খা, সংস্কার, বিচারের দাবিকে উপেক্ষা করে নির্বাচনের দিকে যাওয়া হলে সেটি টেকসই হবে না।

তিনি আরও বলেন, টেকসই স্থিতিশীল পরিবর্তনের জন্য ন্যূনতম সংস্কার, অল্পকিছু জায়গায় সংবিধান সংস্কার করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেই জায়গায় বাঁধা আসলে, কিংবা সরকারের পক্ষ থেকে গড়িমসি করা হলে, সরকার ও বাঁধাদানকারীকে জনগণের মুখোমুখি হতে হবে।

জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ দেশ থেকে বিতাড়িত হয়েছে। গত ১৬ বছর অনেকে জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে পারেনি। বিএনপি, জামায়াতসহ বহু দল অতীতের দায়ে সমালোচিত। তাই কোন ধরনের জোটে গেলে অবশ্যই ভাবতে হবে। জোটের বিষয়ে নীতিগত জায়গা থেকে যারা জুলাই সনদ, বিচার ও সংস্কারের প্রশ্নে আমাদের কাছাকাছি ভূমিকায় রয়েছে, তাদের সঙ্গেই আলোচনা হতে পারে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ঐক্যমত কমিশনের দুটি প্রস্তাবনা দেয়ার দরকার ছিল না। দ্বিতীয় প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। প্রথম প্রস্তাবটি আমরা কিছু সংশোধন সাপেক্ষে সমর্থন করছি। আমাদের দাবি— জুলাই সনদের আদেশ প্রকাশ এবং তা কে জারি করবে তা স্পষ্ট করা। সুপারিশে বলা হয়েছে, এই আদেশ জারি করবে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া গণভোটের কথা বলেছি। এটির মাধ্যমে পরবর্তী সংসদের হাতে সেই সাংগঠনিক ক্ষমতা থাকবে, যারা সংস্কার সংবিধান ২০২৬ তৈরি করবে।

ঐক্যমত কমিশনে আলোচনা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত কমিশনে বিএনপি বড় ধরনের সংস্কারের বিপক্ষে ছিল। স্বাভাবিকভাবে গোটা সংস্কার প্রক্রিয়া তারা চায় কিনা সেটি প্রশ্ন তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিয়েছে। অন্যদলগুলো ঐক্যমত হওয়া ও জনগণের চাপের কারণে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।

তিনি জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগর সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ