বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট। আর তা হলো জাতীয় নির্বাচনের দিনই হতে হবে গণভোট। এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তাতে এই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠানের বিষয়ে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যথোপযুক্ত সময়ে অথবা ওই নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হইবে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি পুরো আলোচনায়। বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার।...এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটা খুব পরিষ্কার যে তিনি খুব কম সময়ের মধ্যেই দেশে আসবেন।
এর আগে গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যে রাষ্ট্রদূত সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের