সুবর্ণচরের 'চান্দা ডাকাত' অস্ত্রসহ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১০-২০২৫ ০৭:০০:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১০-২০২৫ ০৭:০০:২৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচরের চাঁন মিয়া ওরফে চাঁন্দা ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে,গত পনের মাস অস্ত্রধারী চাঁন্দা ডাকাতের সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি হয়েছিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দারা। ৫ আগস্টের পর বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে আলোচনায় আসে চাঁন্দা ডাকাত। তার ভয়ে এলাকাছাড়া অনেক মানুষ, রাজনৈতিক কানেকশনে ভয় পেত পুলিশও। তার বিরুদ্ধে মামলা নিতে পুলিশের ছিল ব্যাপক অনীহা। গ্রেপ্তার চাঁন্দা ডাকাত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামের মোজাম সর্দার বাড়ির আব্দুল বাতেনের ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারের ভাই।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলআমিন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, চাঁন্দা ডাকাত এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে নিরীহ এলাকাবাসীকে ভয়-ভীতি দেখিয়ে জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি করে আসছে। অস্ত্রও গুলি ব্যবহার করে বিভিন্ন দাঙ্গা-হাঙ্গামা করার জন্য আগ্নেয়াস্ত্র তার হেফাজতে রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চাঁন্দা ডাকাতের ভাই মো.দিদার বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে একটি চুরির অভিযোগও নেই। ষড়যন্ত্র করে আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ইউনিয়নে কোন বাহিনী নেই।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চরজব্বর ও হাতিয়া থানায় হত্যার চেষ্টাসহ অন্যান্য মামলা রয়েছে। গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স