ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জুলাই আন্দোলনে ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০২:০৮:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৩:৩৫:০২ অপরাহ্ন
​জুলাই আন্দোলনে ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি ফাইল ছবি
জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না থাকায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। রাষ্ট্রপক্ষ এই প্রতিবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমা দিয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আরও অনেক অভিযোগ জমা পড়েছে। সব যাচাই-বাছাই চলছে।

এখন পর্যন্ত পাওয়া জেলাগুলোর তথ্য অনুযায়ী, সবশেষ ১০৯ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন (Interim Investigation Report) আদালতে পাঠানো হয়েছে। এরমধ্যে ডিএমপির ১২ জন ছাড়াও ঢাকায় ২৫ জন, গাজীপুরে একজন, মানিকগঞ্জের একজন, হবিগঞ্জে একজন, এসএমপির ৩৯ জন, খুলনায় ২ জন, আরএমপির ৯ জন, জয়পুরহাটে একজন ও কুড়িগ্রামে ১৮ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া ২৫১ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন। যারমধ্যে ঢাকায় ৮৭ জন, মানিকগঞ্জে ২ জন, গাজীপুরে একজন, কিশোরগঞ্জে একজন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, কক্সবাজারে ৫ জন, চট্টগ্রামে ২ জন, ডিএমপির ১১৮ জন, গাজীপুরে একজন, ঠাকুরগাঁওয়ে ৩ জনের বিষয়ে প্রতিবেদন দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে এর বাইরেও ভুয়া মামলায় অব্যাহতি চেয়ে আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

এদিকে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর ফের তার মামলার জামিন শুনানির দিন ধার্য করেছেন। শুনানিতে আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় তাকে জামিন দেওয়া সমীচীন হবে না। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ