ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ক্ষেতের সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কান্না থামছে না কৃষক ইব্রাহিমের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৩:০৪:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:০৪:০২ অপরাহ্ন
কান্না থামছে না কৃষক ইব্রাহিমের ​ছবি: সংগৃহীত
অন্যের জমি বর্গা নিয়ে সবজি চাষ করে সংসার চলে ইব্রাহিম মিয়ার। এবারও ৪০ শতাংশ জমি বর্গা নিয়ে লাউয়ের আবাদ করেছিলেন এই চাষি। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে তার ক্ষেতের সব গাছ গোঁড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে ক্ষেতে গিয়ে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক ইব্রাহিম।

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ওই ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম মিয়া প্রায় চল্লিশ শতাংশ জমি বর্গা নিয়ে মাচা তৈরি করে লাউ চাষ করেছিলেন। গাছগুলোতে ইতিমধ্যে ফুল ও লাউ ধরেছিল। এই মৌসুমে এক থেকে দুই লাখ টাকার লাউ বিক্রির আশা ছিল তার।

সেই টাকায় গরু কিনে আগামী কোরবানির ঈদে বিক্রির পরিকল্পনা করেছিলেন বলে জানান তিনি। কিন্তু রোববার (২৬ অক্টোবর) সকালে ঘুম থেকে উঠে জমিতে গিয়ে তিনি দেখেন, সব লাউগাছ কেটে ফেলা হয়েছে। রাতের আঁধারে কে বা কারা এমন কাজ করেছে, তা বুঝে উঠতে পারছেন না তিনি। ক্ষেতের পাশে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম মিয়া বলেন, “আমি সারাদিন রোদে পুড়ে কাজ করি। এই ক্ষেতটাই ছিল আমার ভরসা। কে এমন শত্রুতা করল জানি না। সব শেষ হয়ে গেল।”

রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, “ইব্রাহিম মিয়া একজন পরিশ্রমী মানুষ। নিজের জমি নেই, অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন।

গ্রামের অনেক কৃষক তাঁর কাছ থেকে চাষের পরামর্শ নেন। এমন পরিশ্রমী মানুষের ক্ষেত নষ্ট করা অত্যন্ত নিন্দনীয় কাজ। তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
 
 
 
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ