ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা রিজওয়ানা

'সেন্টমার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:১০:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১০:৩৮:২৩ পূর্বাহ্ন
'সেন্টমার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি' ​ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 'সেন্টমার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি। পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান হচ্ছে। এর ফলে সুপার মার্কেটগুলোতে এখন আর পলিথিন পাওয়া যায় না।'

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ধাঁধার চর পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নদীদূষণ প্রসঙ্গে তিনি বলেন, 'একজন একজন করে নদী দূষণকারী ধরা, দূষণকারীদের সেন্ট্রাল ইটিপির (বর্জ্য শোধনাগার) আওতায় আনা, কিংবা কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া—সব কটি বিকল্প নিয়েই কাজ করতে হবে। চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যত দূর করা সম্ভব, তত দূর করে যাচ্ছি।'

ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় বিশ্বব্যাংকের সঙ্গে একটি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, 'আশা করি প্রকল্পটি ডিসেম্বরে পাস হয়ে যাবে। এই প্রকল্পে পরিবেশ অধিদপ্তরের জন্য আলাদা বরাদ্দ, জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নজরদারি বাড়াতে পারে।'

তিনি আরও বলেন, 'আমাদের নজরদারির পাশাপাশি শিল্পমালিকদেরও দায়িত্ব নিতে হবে। শুধু শিল্পদূষণ বললে হবে না। আমরা তো এখনো পয়োবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি। এসব ব্যবস্থাপনা একসঙ্গে কাজ করলেই নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে।'

পরিবেশকর্মীদের সহায়তার বিষয়ে তিনি বলেন, 'পরিবেশবাদীরা আমাকে সাহায্য করছেন। আমার বর্তমান দায়িত্ব থেকে আমি তাদেরকে যেভাবে পারি সাহায্য করে যাব। আমরা একে অপরের সহায়ক শক্তি হিসেবে কাজ করব।'

এ সময় সুইডেন দূতাবাসের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বেরুল ইসলাম, বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ