ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৮:০৪:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:০৪:০৫ পূর্বাহ্ন
​রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের ​ছবি: সংগৃহীত
জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুর করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে যায় টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ছিল অলিখিত ফাইনাল। এমন ম্যাচ দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে সৌম্য সরকার ও সাইফ হাসানের জোড়া ফিফটি, এরপর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ব্যবধানের জয় এটি। আগের সর্বোচ্চ ছিল খুলনায় ২০১২ সালে ১৬০ রানের।

টসে জিতে আগে ব্যাট করে সফরকারীদের ২৯৭ টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। জিততে হলে শুরুতেই দারুণ কিছু করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে তা হতে দেননি বাংলাদেশের স্পিনাররা। মিরপুরের কালো উইকেটে প্রতিপক্ষের ব্যাটারদের নাচিয়েছেন নাসুম আহমেদ-রিশাদ হোসেনরা। দলীয় স্কোর ৭০ হওয়ার আগেই ৭ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা।

এর আগে রান তাড়ায় নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার অ্যালিক অ্যাথানাজেকে ব্যক্তিগত ১৫ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ। তার স্পিনবিষের সামনে টিকতে পারেননি কিং ও আকিম অগুস্তেও।

নাসুমের ঘূর্ণিতে তাই দলীয় ৩৫ রানে ৩ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরার বিপরীতে দ্রুত ফেরেন অধিনায়ক শাই হোপ (৪)। তাকে ফিরিয়ে উইকেট উদযাপনে যোগ দেন তানভীর ইসলাম। রিশাদ আবার বাদ যাবে কেন। তাই তো ১৯তম ওভারে শেরফান রাদারফোর্ড (১২) ও রোস্টন চেসকে (০) আউট করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন।

পুরো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ টিকেছিল মাত্র ৩০.১ ওভার। তাদের ইনিংস গুটিয়ে যায় ১১৭ রানে। কেবল আকিল হোসেন কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন—১৫ বলে ২৭ রানের ইনিংস খেলে। বাকিরা কেউই ঘূর্ণি সাম্রাজ্য ভেদ করতে পারেননি।

নাসুম আহমেদ ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। তাকে দারুণভাবে সঙ্গ দেন তানভির ইসলাম (২/১৬) ও রিশাদ হোসেন (৩/৫৪)। নেতৃত্বে থেকেও নিজের ছাপ রাখেন মিরাজ, নেন ২ উইকেট।

দুপুরে টস জিতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম উইকেটে দুজন মিলে গড়েন ১৭৬ রানের জুটি—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শুরুতেই। সৌম্য ৮৬ বলে ৯১ ও সাইফ ৭২ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন। মাঝের সারিতে হৃদয় (২৮) ও শান্ত (৪৪) দলকে ২৯৬ রানের লড়াকু সংগ্রহ এনে দেন।

প্রতিপক্ষের বোলারদের মধ্যে একমাত্র আকিল হোসেনই কিছুটা সফল ছিলেন; ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট তুলে নিয়ে দলের লজ্জা কিছুটা কমান তিনি।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ