ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৭:৪৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৭:৪৮:৩৩ অপরাহ্ন
​আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারি ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া রাষ্ট্রদূত আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশে কর্মরত মার্কিন দূতাবাসসহ অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

এ ছাড়া তিনি বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি জানান, আসন্ন নির্বাচনের জন্য পুলিশ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সর্বাঙ্গীন প্রস্তুতি গ্রহণ করছে।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ