ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিদ্যুৎ বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি রেখেই ভবন নির্মাণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৪:৩৩:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৪:৩৩:৩৫ অপরাহ্ন
১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি রেখেই ভবন নির্মাণ ​ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে ভবন নির্মাণের কাজ। সেই খুঁটি রেখেই ইতোমধ্যে ছাদ ঢালাইসহ দেওয়াল ও পাকাপোক্ত স্থাপনা নির্মাণ করেছে ভবন মালিক। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার স্থানীয়দের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার শঙ্কার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

উপজেলার ১৩ নম্বর ভবানীপুর ইউনিয়নের জয়পুর বাজারে ওই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবনটির মালিক জয়পুর গ্রামের লাল মিয়ার ছেলে সৌদি প্রবাসী জাকির হোসেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, সৌদি প্রবাসী জাকির হোসেন জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন এক শতাংশ জমি কেনেন। বর্তমানে ওই জমির উপর নির্মাণ করছেন বহুতল বাণিজ্যিক ভবন। নির্মাণাধীন ভবনের পাশেই খুঁটির মাধ্যমে ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইন এসেছে আছিম বাজার পল্লী বিদ্যুতের সাবস্টেশন থেকে। এক বছর আগে জাকিরের বাবা লাল মিয়ার তত্ত্বাবধায়নে ওই জমিতে ভবন নির্মাণ কাজ শুরু হয়। তবে সম্প্রতি সময়ে বৈদ্যুতিক খুঁটি ভেতরে রেখেই নিচ তলার ছাদ ঢালাই দেওয়ার পর এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

বৈদ্যুতিক খুঁটি রেখে ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে লাল মিয়া বলেন, বিদ্যুৎ অফিসে কোনো কাজের জন্য গেলে শুধু ঘুরতে হয় এবং অনেক টাকাও লাগতে পারে ভেবে বিদ্যুৎ বিভাগকে কিছু জানানো হয়নি। বিদ্যুৎ অফিস থেকেও নিষেধ করেনি। আমিও খুঁটি সরানোর প্রয়োজন মনে করিনি। তবে ভবিষ্যতে খুঁটি সরানোর জন্য আবেদন করা হবে।

বিদ্যুৎ বিভাগের সাব-জোনাল অফিসের এজিএম শাকিল ভূঁইয়া বলেন, বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুঁটি না সরিয়ে কাজ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাজ শুরু করার সময় নজরদারি হয়নি কেন- এমন প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি এই কর্মকর্তা।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ফুলবাড়ীয়া জোনাল অফিসের ডিজিএম নিশীথ কুমার কর্মকার বলেন, খুঁটি না সরিয়ে বা বিদ্যুৎ বিভাগকে না জানিয়ে ভবন নির্মাণ করা ঠিক হয়নি। বিষয়টি আমরাও এখন জানলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ