ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাষ্ট্রক্ষমতায় গেলে আমরা শাসক না, সেবক হব: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৭:২২:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৭:২২:৪৪ অপরাহ্ন
​রাষ্ট্রক্ষমতায় গেলে আমরা শাসক না, সেবক হব: গোলাম পরওয়ার ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখন গ্রামের পর গ্রামে দাঁড়িপাল্লার ঢল নেমেছে। রিকশাওয়ালা, ভ্যানচালক, টেম্পুচালক—সবাই বলছে এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে। আল্লাহ যদি আমাদের রাষ্ট্রক্ষমতা দেন, আমরা শাসক হব না, আমরা হব সেবক। 

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। একটি পক্ষ গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র চালাচ্ছে।

তিনি বলেন, জামায়াত ঘের বা জমি দখল করে না, বালু উত্তোলনও করে না। জামায়াত ক্ষমতায় এলে দেশে বেকারত্ব থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই সবাইকে এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের শাসন দেখেছি। আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর এবং এরশাদ ৯ বছর শাসন করেছে। সামরিক শাসনও ছিল প্রায় এক দশক। এই সময়ের কোনো সরকারই দুর্নীতি থেকে মুক্ত ছিল না। মন্ত্রী-এমপি থেকে শুরু করে চেয়ারম্যানরাও দুর্নীতিতে জড়িত ছিলেন। শুধু একটি দল এখনো কলঙ্কমুক্ত সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি বলেন, ১৯৭৯ সালের পর দেশে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, জামায়াত তাতে অংশ নিয়েছে। তিনি দাবি করেন, সৃষ্টিকর্তার বিধানে দেশ চললে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য জামায়াত সহযোগিতা করছে। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত, পাড়া-মহল্লাজুড়ে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা সংসদ পর্যন্ত নিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘লাখ লাখ মানুষ খুন হয়েছেন, মিথ্যা মামলায় তালা-কলারোয়া নয়, সারা দেশের অসংখ্য মানুষ জেল খেটেছেন। আমরা এমন একটি মানবিক বাংলাদেশ চাই, যেখানে থাকবে না কোনো নির্যাতন বা জুলুম। বাংলাদেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আমরা বিশ্ববাসীর সামনে একটি মানবিক বাংলাদেশ উপস্থাপন করতে চাই।’

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মফিদুল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়া আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক।

এ সমাবেশে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ