পাশ করতে পারেননি সেই আনিসা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১০-২০২৫ ০১:৫১:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৫ ০২:৫২:২৪ অপরাহ্ন
ফাইল ছবি
মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদ ফেল করেছেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম প্রফেসর কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৬ জুন রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তাকে প্রবেশে বাধা দেন। গেটের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন আনিসা।
আয়েশার সঙ্গে আসা তার খালা গণমাধ্যমকে জানান, আয়েশার বাবা নেই এবং আজ সকালেই তার মা স্ট্রোক করেছেন। মা অসুস্থ হয়ে পড়ায় আয়েশার পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও মেয়েটিকে পরীক্ষা দিতে দেওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করেন নেটিজেনরা। বিষয়টি তখন অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স