ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুর ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ১৬

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:১৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:৩২:১৫ পূর্বাহ্ন
মিরপুর ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ১৬ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে স্বজনদের খোঁজ পেতে উদ্বেগাকুল মানুষ। ছবি : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনাস্থলে গণমাধ্যমকে ব্রিফ করেন।  তিনি বলেন, গার্মেন্টসের ২য় এবং ৩য় তলা থেকে ১৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন লাগা চারতলা ভবনটিতে ‘আনোয়ার ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানা এবং তার পাশে থাকা টিনশেড ঘরে রাসায়নিকের গুদাম ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানার নিচতলায় ‘ওয়াশ ইউনিট’ রয়েছে। সেখানে প্রথম আগুন লাগে। সেই আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন চারতলা পোশাক কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর কারখানা থেকে শ্রমিকেরা নানাভাবে বের হয়ে আসার চেষ্টা করেন। এর মধ্যেই অনেকে আটকা পড়েন। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার-অক্সাইড ছিল প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়াও কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ফায়ার ব্রিগেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, রাসায়নিকের গুদামের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের কাউকে পাওয়া যাচ্ছে না। দেখে মনে হচ্ছে, এই রাসায়নিকের গুদামের অনুমোদন নেই। যাচাই-বাছাই করে তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

মিরপুরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে নিহত ৯


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ