ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার অনুরোধ ফায়ার সার্ভিসের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৬:০৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:২৬:৪২ অপরাহ্ন
​আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার অনুরোধ ফায়ার সার্ভিসের ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রূপনগরে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের আগুনের ঘটনাস্থলের ৩০০ গজের মধ্যে না থাকার জন্য অনুরোধ করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এখানে ক্যামিক্যাল থাকায় আগুন লাগার চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একটু পর পর ক্যামিক্যাল বিস্ফোরণ হচ্ছে। ফলে এখানে আসা পুলিশ, গোয়েন্দা সদস্য এবং সাংবাদিকসহ সাধারণ মানুষদের আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কসমি ফার্মা নামে একটি ক্যামিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্যামিক্যাল গোডাউনের পাশের সরদার গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার দোতলা ও তিনতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ওই স্থানে আগুন লাগে। দুপুর পৌনে ১২টার মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল ৪টায় পাওয়া খবর অনুযায়ী ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ