কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, যুবক নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১০-২০২৫ ০৩:২২:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৫ ০৩:২২:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ইটনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে রুমান নামে এক যুবক নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন রুমানের মৃত্যু হয়।
সোমবার (১৩ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল। নিহত যুবক রুমান মিয়া (২২) মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হাওরবেষ্টিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা করিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
গত দুদিন আগে করিম মিয়ার গ্রুপের একজন জসিম মেম্বার গ্রুপের বাড়িতে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাড়া করে গরু উদ্ধার করেন। এ ঘটনায় দুপক্ষ সালিশ মানলেও, পূর্ব বিরোধের জের ধরে রোববার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলমান সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া মিজান মিয়া (২৫) আনোয়ার মিয়া (২৬) জাহাঙ্গীর মিয়া (২২), শাওন মিয়া (১৭), মাঈন উদ্দিন মিয়া (৩২), রুমান মিয়াসহ (২২) উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন।
আহতদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রুমানকে আজমিরীগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে তিনি মারা যান।
খবর পেয়ে ইটনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, রাত ১২টায় জানতে পেরেছি রুমান নামে একজন মারা গেছেন। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও কাউকে আটক করতে পারেনি, দোষীদের ধরতে অভিযান চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স