ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১০-২০২৫ ০৩:৩১:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৫ ০৫:২২:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গণহত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামরোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সাইবার হামলার পর ফেসবুক পেজটি উদ্ধার করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শুরু হয়। চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সময় সাইবার হামলা হয় বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর বলেন, তারা (হামলাকারীরা) যে আমাদের ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এটার যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা যাতে দুনিয়াবাসী জানতে না পারে, তাদের জানতে দিতে এই অপরাধীরা চায় না। সে জন্য আমাদের ফেসবুক পেজের ওপর তারা সাইবার হামলা চালিয়েছে।
এর আগে, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরার কথা রয়েছে। সবশেষে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স