ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ধানের শীষ নিয়ে কেন টানাটানি, প্রশ্ন মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১০-২০২৫ ০২:৫৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৪:৩৯:১৬ অপরাহ্ন
​ধানের শীষ নিয়ে কেন টানাটানি, প্রশ্ন মির্জা ফখরুলের সংবাদচিত্র: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কারো মার্কায় হাত দেইনি। আমরা তো কারো মার্কা নিয়ে কথা বলিনি। তাহলে, আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি কেন?

আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শহিদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

এনসিপিকে শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে- দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আজকে কিছু কিছু ব্যক্তি বা দল হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন তাদের অমুক মার্কা দেওয়া না হলে, আমাদের ধানের শীষ প্রতীকও বাদ দিতে হবে। কাকে কোন মার্কা দিবে সেটা নির্ভর করবে ইসির সিদ্ধান্তের ওপর। সেখানে বিএনপিরতো কিছু করার নেই।

এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, কয়েকজন মিলে একটা আইন তৈরি করলাম আর হয়ে গেল? মোটেও না। যতই আমরা সংস্কার করি, কৌশল আবিষ্কার করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করি ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারব না।

তিনি অভিযোগ করে বলেন, একটা কথা আমরা শুনি যে বিএনপি নাকি সংস্কার চায় না। এসব শুনলে আমার হাসি পায়, কারণ বিএনপির জন্মই তো সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসন বা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং বিএনপির জন্মই তো সংস্কারের মধ্য দিয়ে। 

হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দানব হাসিনা দেশের সমস্ত কিছুকে তছনছ করে দিয়েছে। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, আমাদের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা- সমস্ত জায়গায় সে তছনছ করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন। গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ সময় ধরে লড়াই করেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ