সিরাজগঞ্জ-খুলনায় দুইজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-১০-২০২৫ ০৩:৩০:০২ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১০-২০২৫ ০৪:৪৯:৫৮ অপরাহ্ন
প্রতীকী ছবি
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় ও খুলনা নগরীর খালিশপুরে দুইজনকে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, সকালে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খালিশপুর হাউজিং বাজার বক্কর বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ খানের জামাই মোহাম্মদ বাবু বলেন, স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। তারাই আজ সকালে বক্কর বস্তি এলাকায় আমার শ্বশুরের পথ রোধ করে। ৬-৭ জন মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমার শ্বশুর বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সবুজ খানের ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, সবুজ নামে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স