ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সেনাক্যাম্প পুনঃস্থাপনসহ ৮ দাবিতে সোমবার বান্দরবানে হরতালের ডাক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:৩৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৫:১৮:৫২ অপরাহ্ন
​সেনাক্যাম্প পুনঃস্থাপনসহ ৮ দাবিতে সোমবার বান্দরবানে হরতালের ডাক ​ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল, রাজার সনদ বাতিল ও সেনাক্যাম্প পুনঃস্থাপনসহ ৮ দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ (পিসিএনপি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের হোটেল গ্র্যান্ডভ্যালির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এ ঘোষণা দেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ নানা বৈষম্যের শিকার। তাদের সাংবিধানিক অধিকার সীমাবদ্ধ রাখা হয়েছে। বাঙালিদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

পার্বত্য নাগরিক পরিষদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে— ব্রিটিশ আমলে প্রণীত পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসনবিধি ১৯০০ সালের পার্বত্য রেগুলেশন আইন বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসন ব্যবস্থা চালু করা। জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষাক্ষেত্রে রাজার সনদ ব্যবস্থা বাতিল করা। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অন্যান্য জেলার মতো জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু করা। বাজার ফান্ড পুটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা। উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও শিল্প স্থাপন করা। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা। অবৈধ অস্ত্র উদ্ধার করে চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা।

হরতালের আওতায় সরকারি অফিস-আদালত, সরকারি কর্মকর্তাদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবারের দোকান, ওষুধের দোকান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গাড়ি থাকবে না বলে আয়োজকরা জানিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ