ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি

ইসফাক আউট, রুবাবা ইন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৩:৪৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৪:০৩:৩৭ অপরাহ্ন
ইসফাক আউট, রুবাবা ইন ​ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে নাটকের শেষ-ই হচ্ছে না! সোমবার (৬ অক্টোবর) পরিচালক পদে নির্বাচিত হওয়ার অল্প সময়ের মধ্যে সমালোচনার মুখে সরিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ী ইসফাক আহসানকে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হয়ে তাঁর জায়গায় নতুন পরিচালক এখন রুবাবা দৌলা। 

আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন রাতেই  প্রত্যাহার করে নেওয়া হয়। ক্রীড়া পরিষদ সূত্র  বলছে, তার জায়গায় করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়েও কাজ করেছেন।

রুবাবা দৌলা ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা।

রুবাবা দৌলা গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে থাকাকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল গ্রামীণফোন। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে ভূমিকা ছিল রুবাবারও। বিসিবিতে ২৫ জন পরিচালকদের মধ্যে একমাত্র নারী রুবাবা। নারী উইংয়ের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ