ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে এনসিপি: সারজিস আলম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৪:৫৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:৪৭:০৪ অপরাহ্ন
​শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে এনসিপি: সারজিস আলম ​ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে কোনো বিকল্প বিবেচনা করছে না দলটি।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরের সমন্বয় সভায় দলের এই অবস্থানের কথা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জেলা কমিটির আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রধান সমন্বয়ক এস.এম. জার্জিস কাদির। 

সারজিস বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ না করে, চাপ-প্রভাবের ফলে শাপলা প্রতীক এনসিপিকে না দেয়, তবে কমিশনের উপর জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। 

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যাতে সম্মানের সঙ্গে প্রতীক নিয়ে জনগণের কাছে যেতে পারে সেই ধরনের মার্কাগুলো তালিকাভুক্ত করার আহ্বান জানাবে এনসিপি; আর যেসব মার্কা হাস্যরস সৃষ্টি করে বা বিভ্রান্তি তৈরি করে, সেগুলো বাদ দিতে বলবে।

এ সময় পার্বত্য জেলা ও বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে সতর্ক বার্তা দেন সারজিস আলম। তিনি জানান, পার্বত্য তিন জেলা বাংলাদেশের অঙ্গ এবং এর সার্বভৌমত্ব নিয়ে আপস করা অনুচিত; যারা দেশের ভেতর বা বাইরে থেকে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এ বিষয়ে জনগণ ও সব রাজনৈতিক দলের সহযোগিতা থাকবে।

সমন্বয় সভায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সংগঠক ফয়সাল আহমেদ, জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ