ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডিপিডিসি

বাতিল হচ্ছে এমডি নিয়োগ প্রক্রিয়া!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০১:১৮:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০১:২১:১০ অপরাহ্ন
বাতিল হচ্ছে এমডি নিয়োগ প্রক্রিয়া!
বাতিল হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া। ডিপিডিসির জরুরি বোর্ডসভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সভায় উপস্থিত একাধিক সূত্র নিশ্চিত করেছে।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় বিদ্যুৎ ভবনের ডিপিডিসির কনফারেন্স রুমে সংস্থাটির ৩৮৭তম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। এমডি নিয়োগ নিয়েই জরুরি এই সভাটি ডাকা হয়েছিল বলে জানা যায়।

বোর্ডের দুই প্রভাবশালী সদস্য নাম প্রকাশ না করার শর্তে সোমবার (৬ অক্টোবর) সকালে বাংলা স্কুপকে মুঠোফোনে বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদনে এক প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রশ্ন উঠেছে প্রার্থীদের আবেদনের তথ্যসম্বলিত নথি বাছাইয়ের স্বচ্ছতা নিয়েও । এই পরিপ্রেক্ষিতে চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, রোববার সন্ধ্যায় জরুরি বোর্ডসভা বসছে, এ খবর পেয়ে ডিপিডিসির প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুরু হয় তোলপাড়। দিনভর জল্পনা-কল্পনা চলে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট মহলেও। 

করণীয় নির্ধারণে ডিপিডিসির শীর্ষ প্রকৌশলীরা রোববার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নেতৃবৃন্দের সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন। বৈঠকে উপস্থিত এক প্রকৌশলী জানান, বিদ্যুৎ বিতরণী কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মানদণ্ড বিদ্যুৎ বিভাগ সংশোধন না করায় যোগ্য প্রার্থীরা কেউই আবেদন করতে পারেননি। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব, বোর্ড চেয়ারম্যানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে মানদণ্ড সংশোধনের জন্য একাধিকবার লিখিত অনুরোধ জানানো হয়। কিন্তু বিদ্যুৎ বিভাগ সাড়া না দেয়ায়  প্রকৌশলীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।

ওই প্রকৌশলী আরো বলেন, শুনেছি বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের সায় থাকলেও সচিবের কারণে মানদণ্ড সংশোধন হচ্ছে না। এতে করে আমরা ভবিষ্যত নিয়ে চরম হতাশায় পড়েছি।

ডিপিডিসির শীর্ষ এক প্রকৌশলী বাংলা স্কুপকে নিশ্চিত করেছেন, মানদণ্ড সংশোধন নিয়ে আগামী সপ্তাহের শুরুতেই তাঁরা উচ্চআদালতের দ্বারস্থ হবেন।

রোববারের জরুরি বোর্ডসভার সিদ্ধান্তের বিষয়ে জানতে সোমবার দুপুরে ডিপিডিসির অতিরিক্ত দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকের (প্রশাসন) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা সাড়া দেননি। একাধিকবার কল করা হয় সংস্থাটির কোম্পানি সচিব কে এম সালাহউদ্দিনের মুঠোফোনে, কিন্তু তিনিও সাড়া দেননি।

এদিকে, এমডি নিয়োগের সর্বশেষ পরিস্থিতি জানতে সোমবার সকাল থেকেই বিদ্যুৎ ভবনে ভিড় করেন বিভিন্ন স্তরের প্রকৌশলীরা। ডিপিডিসির বিএনপিমনা একাধিক প্রকৌশলী জানান, ন্যায্য দাবি আদায়ের জন্য তাঁরা দ্রুতই আদালতে দ্বারস্থ হচ্ছেন। এই প্রক্রিয়া চলমান রয়েছে। উচ্চআদালত প্রকৌশলীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়ে একটি নির্দেশনা দিবেন, এমন প্রত্যাশ্যা প্রকৌশলীদের।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় ডিপিডিসির এমডি নিয়োগ
এমডি পদপ্রার্থী সাব্বির আহমেদকে নিয়ে আলোচনার ঝড়!
কে হচ্ছেন ডিপিডিসির এমডি?
বিদ্যমান মানদণ্ডেই এমডি নিয়োগ!
​এমডি নিয়োগের সার্কুলার ঘিরে ডিপিডিসিতে ক্ষোভ
ঝুলে আছে এমডি নিয়োগের মানদণ্ড সংশোধনী!
​শীঘ্রই এমডি পদে নিয়োগের মানদণ্ডে সংশোধনী : বিদ্যুৎ উপদেষ্টা
​বিদ্যুৎ ও জ্বালানি খাতের নেতৃত্ব দেবেন প্রকৌশলীরাই
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ