ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​অভিযোগের তীর পাউবোর দিকে

মুহুরী নদীর পানি কমলেও কাটেনি আতঙ্ক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৬:৫৭:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৬:৫৭:০৭ অপরাহ্ন
মুহুরী নদীর পানি কমলেও কাটেনি আতঙ্ক ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
মুহুরী নদীর পানি কমলেও কাটেনি আতঙ্ক। বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে ফেনীর ফুলগাজী বাজারের আংশিক প্লাবিত হয়। বর্তমানে নদীর পানি কিছুটা কমলেও কাটেনি আতঙ্ক। বার বার একই ঘটনার পুনরাবৃত্তির জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দুষছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার (১ অক্টোবর) দুপুর থেকে ফুলগাজী পুরাতন পশুরহাট-সংলগ্ন স্লুইসগেট দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আংশিক অংশ ও বেশকিছু দোকানপাটে পানি ঢুকে পড়ে। আজ সকাল থেকে পানি কিছুটা কমলেও বৃষ্টি অব্যাহত থাকায় ব্যবসায়ীদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের উজানের পানিতে বুধবার থেকে নদীর পানি বাড়লেও এখন ধীরে ধীরে কমছে। বিপৎসীমার ১২ সেন্টিমিটারের মধ্যে দুপুর ২টার দিকে নদীর পানি ১০ দশমিক ২৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে। 

স্থানীয় সাইদুল ইসলাম বলেন, নদীর পানি কমেছে। তবে ভারতের উজানে ভারী বৃষ্টি হলে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের শঙ্কা রয়েছে। এখনো থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। কখন কি হয় তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না।

ফুলগাজী বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক শহীদুল ইসলাম বলেন, গত বছরও একই স্থান দিয়ে পানি ঢুকে বাজার প্লাবিত হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের কারণে আবারও পানি ঢুকেছে। এখানে তাদের গাফেলতি রয়েছে। স্লুইসগেইট ও পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে বারবার এ ক্ষতির মুখে পড়তে হতো না। পানি উন্নয়ন বোর্ড ব্যবসায়ীদের দায়ী করে যে অভিযোগ করছেন তাও মনগড়া, এসব সত্য নয়। 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ফুলগাজী পুরাতন পশুরহাট-সংলগ্ন স্লুইসগেটের স্থানটিই তো পূর্বে সংস্কার করা হয়েছিল। তবে সেখানে ময়লা ফেলে সংস্কার করা স্থানটি আবারও নষ্ট করে ফেলেছে। এখানে ব্যবসায়ীদের দায় রয়েছে। তবে নদীর পানি কমলে বাঁধে ভাঙনের শঙ্কা নেই। 

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, আজ দুপুর ৩টা পর্যন্ত জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুইদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, প্রতিবছরই বর্ষা মৌসুমে ভারতের উজানের পানিতে মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজী-পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ