ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জেন-জিদের বিক্ষোভে উত্তাল মরক্কো, দুইজন নিহত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৩:৫২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৪:৫১:২১ অপরাহ্ন
​জেন-জিদের বিক্ষোভে উত্তাল মরক্কো, দুইজন নিহত ​ছবি: সংগৃহীত
উত্তর আফ্রিকার দেশ মরক্কো বর্তমানে তরুণ প্রজন্ম বা জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দুইজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে একদল বিক্ষোভকারী অস্ত্র লুটপাটের উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় বিক্ষোভৃকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি ও টিয়ারশেল ছোড়ে, এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং কয়েকজন আহত হন।

বিক্ষোভকারীদের হাতে ছুরি থাকলেও পুলিশ গুলি ও টিয়ারশেল ছোড়ায় তারা তা ব্যবহারের সুযোগ পাননি। তবে তারা ওই থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। বিক্ষোভকারীরা ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেছে। 'জেনজি ২১২'নামের একটি অখ্যাত ও কম পরিচিত সংগঠন এই বিক্ষোভের প্রধান সংগঠক। এই সংগঠনটি তরুণ-তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েক দিন ধরে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালিয়ে আসছে।

বুধবার থানায় হামলার পাশাপাশি আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংক এবং কয়েকটি দোকান লুটপাট করেছে জেন-জি বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শী আবদেস্লাম চেগ্রি রয়টার্সকে জানান, তিনি একটি ক্যাফেতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছিলেন, তখনই তিনি বেশ কয়েকজন তরুণকে পাশের একটি দোকানে পাথর ছুঁড়তে এবং দরজা ভেঙে প্রবেশ করতে দেখেন। এছাড়া, মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালানো হয়েছে। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেছেন।

মরক্কোয় বর্তমানে বেকারত্বের হার ১২ দশমিক ৮ শতাংশ, যা ক্রমশ বাড়ছে। দেশটির তরুণদের মধ্যে ৩৫ দশমিক ৮ শতাংশ এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে ১৯ শতাংশ বর্তমানে বেকার। শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সময় গড়ার সঙ্গে সঙ্গে তা সহিংস হয়ে উঠতে থাকে। তবে অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা, উত্তরাঞ্চলীয় শহর ওউজদা এবং তাজায় এখনও কোনো সহিংসতা ঘটেনি।

এদিকে, বিক্ষোভ শুরুর মাত্র ৪ দিনে জেনজি ২১২ সংগঠনের সদস্য সংখ্যা ব্যাপক উল্লম্ফন ঘটিয়েছে। বিক্ষোভ শুরুর দিকে এর সদস্য ছিল মাত্র ৩ হাজার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ