ভাঙল নিকোল কিডম্যান ও কিথ আরবানের দুই দশকের সংসার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩০-০৯-২০২৫ ০৯:০৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৫ ০৯:০৮:২৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
তাদের দেখা হওয়া, ভালোবাসা থেকে বিয়ে—পুরোটাই যেন এক রূপকথার গল্প।একজন হলিউডের শীর্ষ অভিনেত্রী, অপরজন কান্ট্রি মিউজিকের দিকপাল। ১৯ বছর সুখে-দুখে, আনন্দ-বেদনায় একসঙ্গে চলার পর এলো ছন্দপতন।
দুই তারকা কিডম্যান ও আরবানের বিচ্ছেদ হয়েছে। গেল গ্রীষ্মকাল থেকে এই জুটি আলাদা থাকছেন তবে শুরুতে কিডম্যান এই বিচ্ছেদে সায় দেননি।
জানা গেছে, দাম্পত্য জীবনে বিরতি নিয়ে আলাদা থাকতে শুরু করেছেন হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যান ওগায়ক কিথ আরবান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স।
তাদের বিচ্ছেদের কারণ স্পষ্ট নয়। কিডম্যান এবং আরবান দুজনেরই বয়স ৫৮। ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসের একটি গালা অনুষ্ঠানে একে অপরের সঙ্গে প্রথমবার পরিচিত হন তারা। সেই পরিচয় প্রণয়ে গড়ায় দ্রুত, এক বছরের মাথায় বাগদান হয়। আর ২০০৬ সালের জুনে সিডনিতে বিয়ে করেন এই দুই তারকা।
তাদের দুই কন্যা সন্তান হলেন ১৭ বছর বয়সী সানডে রোজ এবং ১৮ বছরের ফেইথ মার্গারেট।
কিডম্যান এবং আরবান দুজনেই বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। তারা প্রায় দুই দশক ধরে সম্পর্কের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন, কিন্তু এক ছাদের নিচে বসবাস করেছেন।
তারা যে যার ক্যারিয়ারে শীর্ষ সম্মাননা জিতেছেন, নিজেদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন। বছরের পর বছর ধরে কিডম্যান ও আরবান একে অপরকে সমর্থন করেছেন, নিজেদের সুসময় সোশাল মিডিয়ায় প্রকাশ করে আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
তবে ২০০৬ সালে বিয়ের পর আরবান মাদকের জালে জড়িয়ে যান। মদ্যপানে তীব্র আসক্তির কারণে এই গায়ক ও গীতিকারকে যেতে হয়েছিল পুনর্বাসন কেন্দ্রেও।
এক সময়ে কিডম্যান ও আরবান দুজনেই সংবাদমাধ্যমকে বলেছিলেন, ওই আসক্তির ঘটনা ঘিরে যে সংগ্রাম তাদের করতে হয়েছিল, তাতে তাদের বন্ধন আরো দৃঢ় হয়েছে।
পরবর্তী সময়ে গায়ক স্বীকার করেন, তাঁর জীবনে ফেরার পথে কিডম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এই জুটিকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে, জুনে গ্রীষ্মকালে টেনেসির ন্যাশভিলে ফিফা ক্লাব বিশ্বকাপের একটি ম্যাচ দেখার সময়। এর আগে মে মাসে যখন আরবানকে অ্যাকাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসে ‘ট্রিপল ক্রাউন’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল, তখনও তারা একসাথে উপস্থিত হয়েছিলেন। সে সময় অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন তারা। দুজনের একে অপরের হাত ধরে থাকার এবং চুম্বনের ছবিও এসেছিল প্রকাশ্যে।
‘বেবিগার্ল’ খ্যাত অভিনেত্রী কিডম্যান আগে বিয়ে করেছিলেন টম ক্রুজকে। তাদের ওই সংসার টিকেছিল একদশক। ক্রুজ ও কিডম্যানের সংসারে দুই সন্তান আছে। ১৯৯০ সালে বিয়ের পর এই জুটির বিচ্ছেদ হয় ২০০১ সালে।
চলচ্চিত্র ও টেলিভিশন-দুই ক্ষেত্রেই বিচরণ আছে অস্কারজয়ীয় কিডম্যানের। ‘বিগ লিটল লাইস’, ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জারস’ ও ‘দ্য পারফেক্ট কাপল’ কিডম্যানের সাম্প্রতিক কাজ।
আরবান কেবল চারটি গ্র্যামিও জেতেননি ও ১৫টি একাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডস জয় করেছেন তিনি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে রয়েছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স