মন্দির থেকে গুলি চুরি, ওসি প্রত্যাহার-৭ পুলিশ বরখাস্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৯-২০২৫ ০৭:২৫:১০ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৫ ০৮:৫৫:৫৫ অপরাহ্ন
রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে পুলিশের ডিউটিরত সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড শর্টগানের গুলি চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে মন্দিরের প্রাঙ্গণে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা নির্মাণাধীন ভবনের দোতলায় অবস্থান করছিলেন। সে সময় তারা ঘুমিয়ে থাকায় চোরেরা সুযোগ নিয়ে চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল চুরি করে নিয়ে যায়। এর মধ্যে একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।
চুরির ঘটনা জানাজানি হলে সকালের দিকে মন্দিরসংলগ্ন একটি পতিত জমি থেকে ওই ব্যাগগুলো উদ্ধার করা হয়। গুলিগুলো অক্ষত অবস্থায়ই ফিরে আসে। সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। ডিএমপি গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক মাহমুদ জানান, ঘটনাটি স্পষ্টতই দায়িত্বহীনতার প্রমাণ। এ কারণে বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এসআই মোবাশ্বির, একজন এএসআই এবং পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার পর থেকেই এটি নিয়ে নানা প্রশ্ন উঠছে। মন্দিরের মতো ধর্মীয় ও জনসমাগমপূর্ণ স্থানে দায়িত্বে থাকা বাহিনীর কাছ থেকে কীভাবে অস্ত্র ও সংবেদনশীল সরঞ্জাম চুরি হতে পারে, তা নিয়ে চলছে সমালোচনা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স