ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে হামলায় ৩ পাহাড়ি নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:২৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১০:৪০:২৬ পূর্বাহ্ন
খাগড়াছড়িতে হামলায় ৩ পাহাড়ি নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন পাহাড়ি নিহত এবং সেনা-পুলিশের সদস্যসহ অনেক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘এ হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এতে আরও বলা হয়, ‘হামলায় নিহত ৩ জন পাহাড়ির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি আহত সেনা কর্মকর্তা, সেনাসদস্য, পুলিশ সদস্য এবং সাধারণ নাগরিকদের দ্রুত সুস্থতা কামনা করছে সরকার।’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে অভিযান জোরদার করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণকে ধৈর্য ও সংযম ধরে শান্ত থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘অপরাধীরা যেই হোক, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা সচেষ্ট।’

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে রোববার তিনজন নিহত হয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,  গুইমারায় গুলিতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। তাঁদের লাশ হাসপাতালে রয়েছে। তবে কার গুলিতে কীভাবে মারা গেছে, বিস্তারিত জানা যায়নি। তিনি আরও বলেন, গুলিতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও তিনজন আহত হয়েছেন।

পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর পাঁচটা থেকে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ চলাকালে রোববার দুপুরে গুইমারার একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বেলা একটায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে এ ঘটনা ঘটে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

খাগড়াছড়িতে অবরোধের মধ্যে গুইমারায় বাজারে আগুন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ