ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০২:৪৪:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৪:২০:২৩ অপরাহ্ন
সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি ​ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের মোট ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি সদর দপ্তর।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, বিজিবির নিরাপত্তাধীন সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় রয়েছে ১ হাজার ৪১১টি পূজামণ্ডপ, আর সীমান্তের বাইরের এলাকায় রয়েছে ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ। এর মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজার সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ