ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চাওয়া সেই শিক্ষক ওএসডি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৯-২০২৫ ১১:২৮:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৬-০৯-২০২৫ ১১:২৮:৪৭ পূর্বাহ্ন
ফাইল ছবি
ছাত্রীদের কাছে আপত্তিকর মেসেজ পাঠানো ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অধ্যাপক সামসুল হককে নওগাঁ সরকারি কলেজ থেকে অবমুক্ত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকায় ওএসডি করা হয়েছে এবং তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি অধ্যক্ষ সামসুল হকের বিরুদ্ধে ছাত্রীদের কাছে আপত্তিকর মেসেজ পাঠানো ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার পাঠানো মেসেজগুলোর স্ক্রিনশট কলেজের প্রধান ফটকে টানিয়ে রাখেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ অক্টোবরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের আরও ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন ও ওএসডি করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স