মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ সাতজন জাতীয় বার্নে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৯-২০২৫ ০৪:০৩:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৯-২০২৫ ০৫:১৫:২৯ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হওয়া সাতজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন: গুলশান ক্লিন এন্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সঙ্গে জড়িত সাতজনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে।
দগ্ধ স্বপন মোল্লা জানান, আমতলী ওই পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কার করার জন্য তাদেরকে সেখানে নেয়া হয়েছিল। ট্যাংকের তেল সব বের করা হয়। এরপর ভিতরে নেমে পরিষ্কার করার আগে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ভিতরের গ্যাস বের করছিলেন। এক পর্যায়ে যখন বৈদ্যুতিক ফ্যান বন্ধ করতে যান তখনই ভিতরে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ওই ৭ জনের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দুপুর দেড়টার দিকে সাতজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তারা মহাখালীর আমতলীতে একটি পাম্পে লাগা আগুনে দগ্ধ হয়েছেন।
বর্তমানে ওই পাম্পের একটি অংশে তেল বিক্রি করা বন্ধ আছে।
কর্মীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স