আজও বন্ধ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর রুটের দূরপাল্লার বাস চলাচল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৯-২০২৫ ১১:৪১:০২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৩-০৯-২০২৫ ০১:০৭:৫৩ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব রুটের সাধারণ যাত্রীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকদের ডাকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাস চলাচল। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ধর্মঘটের কারণে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে দূরপাল্লার যাত্রীসেবা কার্যত অচল হয়ে পড়েছে। যাত্রীরা বাধ্য হয়ে লোকাল বাস, বিকল্প যানবাহন কিংবা অন্য রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে এসময় একতা ও কিছু লোকাল পরিবহন সীমিতভাবে চলাচল করছে।
পরিবহন শ্রমিকরা জানান, গত ১৫ বছর ধরে বাস চালক ও সহকারীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। এ অবস্থায় জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, পূর্ববর্তী এক দিনের ধর্মঘটেও মালিকপক্ষ বা কর্তৃপক্ষ দাবি পূরণের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা নতুন করে এই কর্মসূচি ঘোষণা করেছেন । এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা টার্মিনালে এসে পরিবহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
বাংলাপস্কুপ /প্রতিনিধি/ এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স