ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোগীর আত্মীয়ের সঙ্গে দুর্ব্যবহার, সেই চিকিৎসক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৭:০৪:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৮:৫৫:৪০ অপরাহ্ন
রোগীর আত্মীয়ের সঙ্গে দুর্ব্যবহার, সেই চিকিৎসক বরখাস্ত ​ছবি: সংগৃহীত
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. আবুল কাশেম রোগীর আত্মীয়ের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এ আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য। এ কারণে তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী আদেশ জারির তারিখ থেকেই তার এ বরখাস্ত কার্যকর হবে। তবে নিয়ম অনুযায়ী বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতাদি প্রাপ্য হবেন।

এর আগে, ডা. আবুল কাশেমের একটি কুরুচিপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়- চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর বাবা-স্বজনের সঙ্গে তিনি অশালীন, অপমানজনক ও হুমকিমূলক আচরণ করেন এবং আক্রমণাত্মক ভাষায় কটূক্তি করেন।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার তীব্র ঝড় ওঠে। তোপের মুখে পড়ে যদিও সেই চিকিৎসক পরে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, এ ধরনের আচরণ চিকিৎসক সমাজের জন্য কলঙ্কজনক।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রচারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে তার নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ