ছাত্র প্রতিনিধিদের সরকারে যাওয়া ঠিক হয়নি: সালাহউদ্দিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৯-২০২৫ ০৩:০৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৯-২০২৫ ০৩:৩০:২৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছাত্র প্রতিনিধিদের সরকারের দায়িত্বে আসাটা সঠিক সিদ্ধান্ত হয়নি। দায়িত্বে না এলে তারা প্রেশার গ্রুপ হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারতো।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চায় পৃথিবীর কোথাও একইসঙ্গে কেউ সরকারি দল ও বিরোধী দলে থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগ দিলো, সেদিনই বুঝলাম— তারা আর রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখতে পারবে না।
তিনি আরও বলেন, আমি তাদের সরে দাঁড়ানোর আহ্বান জানালে হবে না, বিষয়টা তাদের নিজেরাই অনুভব করতে হবে।
এ সময় জামায়াত নেতাদের ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, কে সরকারি দল হবে, কে বিরোধী দল— এটা জনগণ ঠিক করবে নাকি আপনারা? এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসছেন না কেন? নানা বাহানায় কেন নির্বাচন বাধাগ্রস্ত করছেন?
তিনি বলেন, আলোচনার টেবিল ও আন্দোলন একইসঙ্গে চললে তা হবে স্ববিরোধী। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনা চলছে, আর সেই আলোচনার মধ্যেই রাস্তায় নামা সঠিক পথ নয়।
ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দল দাবি তুলতেই পারে, কিন্তু জাতির ওপর জবরদস্তি করা উচিত নয়। যে পরিবর্তন আমরা চাই, তা রাতারাতি হবে না। আসুন আমরা নতুন কোনো সংকট তৈরি না করি, ঐক্য ধরে রাখি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স