ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১১:০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১১:০১:৫৩ পূর্বাহ্ন
​দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ফাইল ছবি
আগামী ১২০ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও উত্তর বঙ্গোপসাগরের ওপর বায়ুপ্রবাহ মোটামুটি সক্রিয় রয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এই সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশ এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বেশিরভাগ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। সারাদেশে মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বেশিরভাগ অংশে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.২° সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬° সেলসিয়াস ছিল।

মৌসুমী বায়ুর কারণে দেশের উত্তরাঞ্চল ও বঙ্গোপসাগরীয় এলাকায় কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তাই স্থানীয়দের পাশাপাশি নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে জনজীবন প্রভাবিত হতে পারে, তাই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ