ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​উন্নয়ন নয়, অনেক প্রকল্প করা হয় দুর্নীতির জন্য : জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:২১:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:২১:১৯ অপরাহ্ন
​উন্নয়ন নয়, অনেক প্রকল্প করা হয় দুর্নীতির জন্য : জ্বালানি উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আইন করা হয় দুর্নীতি থামানোর জন্য। কিন্তু এ দেশে আইন ও নীতি নির্ধারণের মাধ্যমেই দুর্নীতি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি’ বিষয়ক সংলাপে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির বলেন, জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। খাতে ৩ দশমিক ২ বিলিয়ন টাকার বকেয়া ছিল, যার অনেকটাই পরিশোধ করা হয়েছে। প্রতিযোগিতা ফিরিয়ে আনা হয়েছে। তেল আমদানির জন্য আগে রিফাইনারি মালিক হতে হতো, সেটি বাতিল করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় ও প্রকল্প বন্ধ করে দিয়েছি।

তিনি বলেন, রোজার সময় সাধারণত লোডশেডিং হয়। এবার কম হয়েছে। এতে প্রমাণ হয় লোডশেডিং কমানো সম্ভব। আমরা এমন টেমপ্লেট তৈরি করছি, যাতে আগামী সরকারের পরিবর্তন আনতে সুবিধা হয়। এখন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন লাগে না, যেখানে আগে অনেক দুর্নীতি হতো।

নবায়নযোগ্য জ্বালানির নীতি প্রণয়নের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা দুর্নীতির বিষয়ে সন্তুষ্ট নই। অনেকেই চান দুর্নীতি থাকুক, যাতে সুবিধা নিতে পারেন। শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামানোর দিকেও নজর দিতে হবে। এ দেশে উন্নয়নের জন্য নয়, বরং দুর্নীতির জন্য অনেক প্রকল্প করা হয়।

সংলাপে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড বদিউল আলম মজুমদার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষণা ফেলো সাফকাত মুনির।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ